| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে চাঁদা দাবী ও মারধরের ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ এস.এম. ইকবাল হোসেন
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 342 বার পঠিত
সীতাকুণ্ডে চাঁদা দাবী ও মারধরের ঘটনায় মূল হোতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর।

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিপব্রেকিং ইয়ার্ড মালিকের গাড়ির গতিরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং ইয়ার্ড কর্মকর্তাদের মারধরের ঘটনায় অভিযুক্ত মূল হোতা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের খোঁজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনাইছড়ি সাগরপাড় এলাকায় অবস্থিত বিওবি রিসাইক্লার্স শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নুরুন নবী ব্যক্তিগত গাড়িতে করে ইয়ার্ড থেকে বের হওয়ার সময় ৭-৮ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে। পরে তারা তাকে গাড়ি থেকে নামিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে।

এ সময় পেছনে থাকা প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন অফিসার মো. আলমগীর হোসেন, পরিচালক নাজমুল হুদা, ভূমি কর্মকর্তা অহিদুর রহমান ও ইয়ার্ড ম্যানেজার সাহাবউদ্দিন এগিয়ে এলে অভিযুক্ত জাহাঙ্গীরের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাত গুরুতর আহত হয়। এছাড়া তাদের সঙ্গে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী মো. আলমগীর হোসেন দাবি করেন, অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা এর আগেও চাঁদার দাবিতে ইয়ার্ডে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেছিল। সর্বশেষ ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে তারা হামলার ঘটনা ঘটিয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর